নিজস্ব সংবাদদাতা, কেন্দা, শনিবার, ১১ জুন ২০২২ঃ
বজ্রপাতে মারা পড়ল দুটি হালের গরু। ক’দিনের মধ্যেই শুরু হয়ে যাবে চাষবাসের দিন। ঠিক তার আগে এরকম দুর্ঘটনায় গবাদি পশু দুটির মৃত্যুতে মাথায় হাত পড়েছে চাষীর। কিভাবে চাষাবাদের কাজ করবেন, তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না গরু দুটির মালিক তথা পেশায় চাষী নির্মল মাহাতো।
শুক্রবার ঘটনাটি ঘটল কেন্দা থানার অন্তর্গত বালকডি গ্রামে। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা ছ’টা নাগাদ অন্যান্য দিনের মতই বালকডি গ্রামের নির্মল মাহাতর গরু দুটিও মাঠে চরতে গিয়েছিল। হঠাৎই কালবৈশাখীর কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এই পরিস্থিতিতেই বজ্রঘাতে মৃত্যু হয় ওই গবাদি পশু দুটির। এদিকে ক’ দিন পরেই আসছে চাষের মরশুম। এরকম সময়ে গবাদিপশু দুটির মৃত্যুতে ভেঙে পড়েছে দারিদ্র কৃষক পরিবারটি।
