নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৫ জুন ২০২২ঃ
আদিবাসী গ্রাম্য সমাজে গণতান্ত্রিক সাংবিধানিক আইন ও মানবাধিকার আইন লাগু করার দাবিতে আজ জেলা প্রশাসনিক দপ্তরের সামনে ধর্ণা প্রদর্শন করল আদিবাসী সেঙ্গেল অভিযানের পুরুলিয়া জেলা কমিটি। এদিন সংগঠনের পক্ষে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে দাবিসনদও পেশ করা হয়েছে। সংগঠনের জেলার সভাপতি সনৎ কুমার বেসরা বলেন, সুদীর্ঘ সময় ধরে পরাম্পরাগত আদিবাসী গ্রাম্য সমাজ ব্যবস্থায় কিছু ত্রুটি রয়েছে। তাঁর দাবি, আদিবাসী সামাজ ব্যবস্থায় বহু ক্ষেত্রেই সাংবিধানিক আইন পদ্ধতি গৌণ হয়ে যায় পরম্পরাগত ত্রুটিপূর্ণ সিস্টেমের কাছে। সেগুলির আশু সংস্কার প্রয়োজন। তিনি বলেন, ডাইনি প্রথা, অন্ধ বিশ্বাস, সামাজিক বহিষ্কার, নেশা-পান, মহিলা বিরোধী মানসিকতা ইত্যাদি পরাম্পরাগত সমাজ ব্যবস্থার নানান ত্রুটিপূর্ণ দিক। গণতান্ত্রিক আইন প্রণয়ন ও মানবাধিকার আইন কার্যকর করেই এইসমস্ত ত্রুটির সমাধান সম্ভব বলেই মত সংগঠনের। এছাড়াও সনৎ বাবু আরো বলেন, আদিবাসী গ্রাম্য সমাজের মাঝি-পরগনা ব্যবস্থাতেও গণতান্ত্রিক পদ্ধতিগত আইন লাগু হওয়া একান্ত জরুরি। তাঁর বক্তব্য, অন্যথায় বহু ক্ষেত্রেই বংশ পরাম্পরায় অযোগ্য ব্যক্তির দ্বারা পরিচালিত হতে হয় গোটা সমাজকে।


