নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১৭ জুন ২০২২ঃ

বন দপ্তরের উদ্যোগে শাল ও চিহুরলতা (ঘঙ) পাতা দিয়ে গ্রামবাসীদের পরিবেশ বান্ধব থালা, বাটি, প্লেট তৈরির প্রশিক্ষণ দেওয়া হল আজ। আজ সিরকাবাদ বীট অফিসে সয়ংক্রিয় মেশিনে গ্রামবাসীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বন দপ্তরের “স্বচ্ছ ও সবুজ অযোধ্যা” কর্মসূচির মাধ্যমে অযোধ্যা পাহাড় সহ জেলার সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে প্লাস্টিক ও থার্মাকল ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। পরিবর্তে শাল ও চিহুরলতা (ঘঙ) পাতার তৈরি থালা, বাটি, প্লেট ব্যাবহারের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। বাঘমুন্ডি বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বন রক্ষা কমিটির সদস্যদের পাতা সংগ্রহের কাজে নিযুক্ত করা হবে। এই পাতা দিয়েই স্থানীয় গ্রামবাসীরা মেশিনে তৈরি করবেন উচ্চ মানের পরিবেশ বান্ধব থালা, বাটি, প্লেট ইত্যাদি। যা অযোধ্যা পাহাড় সহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের হোটেল, রিসোর্ট সহ ক্যাটারারদের সাপ্লাই করা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, এজন্য সিরকাবাদ, বাঘমুন্ডি ও কোটশিলা রেঞ্জে ইতিমধ্যেই সয়ংক্রিয় মেশিনও বসানো হয়েছে। সিরকাবাদ বীটে এদিন এই ধরনের মেশিনেই স্থানীয়দের পরিবেশ বান্ধব সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। বন দপ্তর সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার মাঠা রেঞ্জে অযোধ্যার সমস্ত হোটেল, রিসোর্ট ও লজ কর্তৃপক্ষ ও স্থানীয় বন রক্ষা কমিটির সদস্যদের যৌথ উপস্থিতিতে এবিষয়ে বিস্তারিত আলোচনা করতে বৈঠকও করেছে বন বিভাগ। হোটেল ও রিসোর্ট মালিকরা বিষয়টিতে খুবই উৎসাহিত বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page