নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২১ জুন ২০২২ঃ

কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ে আজ পুরুলিয়া বিএসএনএল দপ্তরে ধর্ণায় বসে বিক্ষোভ দেখালেন দপ্তরের সমস্ত কর্মচারী ইউনিয়নের যৌথ মঞ্চ। সংগঠনগুলির পক্ষ থেকে দাবি, “মূলত বিএসএনএল বাঁচানোর” উদ্দেশ্যেই এদিনের এই ধর্ণা অবস্থান। বিএসএনএল-এর এমপ্লয়িজ ইউনিয়নের পুরুলিয়া জেলার সম্পাদক তথা সংগঠনগুলির যৌথ মঞ্চের জেলার আহ্বায়ক প্রকাশ দাস বলেন, বিভাগের অফিসার গ্রেড থেকে গ্রুপ-ডি, সমস্ত কর্মচারী সংগঠনই যৌথ মঞ্চে সামিল। তাঁর দাবি, কর্মীদের প্রমোশন পলিশি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আটকে রাখা হয়েছে এসসি-এসটি গ্রেডের কর্মী নিয়োগ প্রক্রিয়া। কর্মচারীরা পাচ্ছেন না সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন, রেগুলার ও অবসরপ্রাপ্ত পেনশনাররা পাচ্ছেন না মেডিক্যাল বিলের টাকা। এমনকি বিভাগের ক্যাজুয়েল লেবারদের ১২ মাসের পাওনা বাকি বলেও সংগঠনগুলির পক্ষে এদিন দাবি করা হয়েছে। প্রকাশ বাবু আরো বলেন, এসবই কর্মী ছাঁটাইয়ের একটা পরিকল্পনা বলে মনে করছি আমরা। এছাড়াও বিএসএনএল-এর সাড়ে চোদ্দ হাজার টাওয়ার এবং মাটির নিচের ও এফ সি কেবল বেসরকারি হাতে বিক্রি করার পরিকল্পনা কর্তৃপক্ষের রয়েছে বলেও দাবি এমপ্লয়িজ ইউনিয়নের পুরুলিয়া জেলা সম্পাদকের। প্রকাশ দাস বলেন, সারা বিশ্ব যেখানে ফাইভ-জির দিকে ঝুঁকছে, সেখানে এখনও বিএসএনএল-কে ফোর-জিই দেওয়া হল না। প্রকাশ বাবুর বক্তব্য, এদিনের বিক্ষোভ অবস্থান নিয়ে চারবার কর্মী সংগঠনগুলি তাদের দাবি কর্তৃপক্ষকে জানাতে বিক্ষোভ করল। তিনি বলেন, নিজেদের দাবি আদায় সহ এটা সমস্ত কর্মচারী সংগঠনের পক্ষে বিএসএনএল-কে বেসরকারি হাতে যাওয়া থেকে বাঁচানোরও লড়াই। সরকার তথা কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে সদর্থক পদক্ষেপ না নিলে সারা দেশের বিভাগীয় সমস্ত কর্মচারীরা শীঘ্রই বৃহত্তর আন্দোলনে যাবেন বলে পরিকল্পনা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page