নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, বুধবার, ২২ জুন ২০২২ঃ
পুরনো আক্রোশের জেরে লাঠিপেটা করা ও পরে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। অভিযোগকারী পুঞ্চা থানার অন্তর্গত পাঁড়ুদা গ্রামের বাসিন্দা পার্থ সারথি কর্মকার। সোমবার দুপুরে তিনি ওই গ্রামেরই বাসিন্দা সমীর রায় ও তাঁর স্ত্রী অপর্ণা রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুঞ্চা থানায়। অভিযোগ, পুরনো আক্রোশের জেরে রবিবার সকালে গ্রামের সমীর রায় ও তাঁর স্ত্রী অপর্ণা রায় তাঁকে প্রথমে গালিগালাজ করে ও পরে লাঠি দিয়ে মারধর করে বলে পার্থ সারথি কর্মকারের দাবি। পার্থ সারথির দাবি, মারধরের আঘাতে তাঁর মাথা ফেটে রক্তপাত শুরু হয়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে পুঞ্চা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে রেফার করা হয়। অভিযোগকারীর দাবি, এরপরও সমীর রায় তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
শেয়ার করুন