নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ও বলরামপুর, ৩০ মে ২০২২ঃ
পুরুলিয়া জেলায় সাধারণ মানুষ নিজেদের জমি মিউটেশন করাতে গেলেই দালাল চক্রের হেনস্থার শিকার হচ্ছেন। দিতে হচ্ছে কাড়ি কাড়ি টাকা। অথচ পশ্চিমবঙ্গ সরকার মিউটেশন প্রক্রিয়া ফ্রি অব কস্ট করে দিয়েছে। পদ্ধতিও অন লাইন। তবে জেলার প্রত্যন্ত এলাকার সহজ, সরল, সাধারণ মানুষ, বিশেষত এসি, এসটি, ওবিসি-রা এবং বেশি লেখাপড়া না জানা মানুষরা নিজেরা মিউটেশন প্রক্রিয়ার ফর্ম জমা করতে না পেরে বিএলআরও অফিসে গেলে অফিসের কর্মচারীরাই আশপাশের কোন দোকান বা দালালদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। সেখানে এক-দু হাজার বা কোথাও কোথাও ৩০ হাজার টাকা পর্যন্ত দিতে বাধ্য করা হচ্ছে জমির মালিকদের। বলরামপুর ও হুড়া ব্লক থেকে এরকম একগুচ্ছ অভিযোগ পৌঁছেছে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে, নবান্নে। সেইসব অভিযোগের প্রতিলিপি এবং স্বাক্ষী হিসেবে অভিযোগকারীদের সাথে নিয়েই সোমবার প্রশাসনিক বৈঠকে আসেন মুখ্যমন্ত্রী। বলরামপুর বিএলআরও অফিসের উল্টো দিকের দুটি দোকান, করালি কিঙ্কর মাহান্তি এবং প্রিয়ঙ্কা ভ্যারাইটিজের মাধ্যমে এরকম দুর্নীতি চলছে বলেও বৈঠকে বসেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকেই জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন দোকান দুটির মালিকদের গ্রেফতার করার। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ বৈঠক চলাকালীনই ওই দুটি দোকানের মালিকদের গ্রেপ্তার করে এদিন। একইসঙ্গে প্রশাসনিক বৈঠকে উপস্থিত বলরামপুর থানার ওসিকে পুরো ঘটনার তদন্ত রিপোর্ট ৩ মাসের মধ্যে জমা করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।



