নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ঃ
আজকের দুপুরের এক নাগাড়ে বৃষ্টিতে আবার জল জমতে শুরু হয়েছে পুরুলিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সূর্য সেন পল্লীতে। এদিন দুপুরের এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর একটাই কথা, “গত বছরের সেই তিক্ত অভিজ্ঞতার দিনগুলি মনে পড়ে আতঙ্কিত হচ্ছি”। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। গত এক বছর ধরে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে খোদ পৌরপ্রধান লাগাতার শহরজুড়ে নর্দমা ও জল নিকাশি ব্যবস্থার আবর্জনা পরিস্কার করার পাশাপাশি নিত্যদিন নানান কর্মসূচি গ্রহন করেছেন। প্লাস্টিক ও থার্মাকল বর্জন থেকে শুরু করে শহরের হাট-বাজারগুলির নিয়মিত পরিদর্শন, সাধারণ মানুষকে সচেতন করা, নর্দমার অবৈধ দখল মুক্ত করতে বিভিন্ন আইনানুগ পদক্ষেপ সহ সব ধরনের প্রয়াস জারি রেখেছে পুরুলিয়া পৌরসভা। পৌর এলাকার শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দাদের একাংশের মতে, এক্ষেত্রে পৌর নাগরিকদের একাংশের মধ্যেই রয়েছে সচেতনতার অভাব। যার ফল ভোগ করতে হচ্ছে আমজনতাকেই।
