নিজস্ব সংবাদদাতা, জয়পুর, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ঃ
চলে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জয়পুর ব্লক সভাপতি শঙ্কর নারায়ণ সিং দেও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। আজই সন্ধ্যা ৬ টা নাগাদ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় জয়পুর সহ গোটা জেলার রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দলীয় সূত্রে খবর, শঙ্কর নারায়ণ সিং দেও পাঁচবার জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও একবার জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়ানের খবর পেয়েই জয়পুরে তাঁর বাসভবনে তাঁকে শেস শ্রদ্ধা জানাতে ছুটে যান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এদিন শঙ্কর বাবুর মরদেহে পুষ্পার্ঘ দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সঙ্গে ছিলেন জয়পুর ব্লকের দলীয় নেতা কীর্তন মাহাত।

