নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ঃ

বিজয়া দশমীর রাতে লরির সাথে বাইকের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। গতকাল (বুধবার) রাত ৮ টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-টাটা ৩২ নং জাতীয় সড়কের উপর বলরামপুর থানার মালতি গ্রামের অদূরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ।পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে জখম দুই যুবককে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পরই চিকিৎসক জখম দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, গতকাল রাতে বাইকে করে বাড়ি ফেরার পথে ওই দুই যুবক দুর্ঘটনার শিকার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই যুবকের নাম কৃষ্ণ গরাই ( আনুমানিক ২৫ বছর)। বাড়ি পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের নিমডি থানার সংগীরিয়া এলাকায়। অপর যুবকের নাম সম্ভুনাথ গরাই (আনুমানিক ২৯ বছর)। বাড়ি নিমডি থানার গরডি এলাকায়। আজ বৃহস্পতিবার মৃত দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে বলরামপুর থানা সূত্রে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page