নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ঃ
মাত্র ১১ বছরেই স্থানীয় বাসিন্দাদের কাছে বিশেষ জাগ্রতা বলে পরিচিত হয়ে উঠেছেন পুরুলিয়া তেলকলপাড়া আরপিএফ ব্যারাকের সংলগ্ন মা কালীর পুজোটি। ২০১১ সালে স্থানীয়দের সহযোগিতা ও ইচ্ছায় এই আরপিএফ ব্যারাকের তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিক অজয় কুমার গরাই এই কালী মন্দিরটির প্রতিষ্ঠা করেন। তখন থেকেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আরপিএফ পোস্টের কর্মীরা এই পুজোটি সুষ্ঠভাবে সম্পন্ন করে আসছেন। মন্দিরটিতে “মা ইচ্ছাময়ী জয়শ্রী” কালী মাতার নিত্য পুজোর পাশাপাশি বিগত ১১ বছর ধরে প্রত্যেক বছর জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক কার্তিক মাসের এই কালী পুজো। পুজোর উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মন্দিরের মা কালী বিষয়ে শোনা গেল নানান বিশ্বাস আর উপাখ্যান। তাঁদের বক্তব্য, মন্দির প্রতিষ্ঠার প্রথম থেকেই মন্দির চত্বরে দেখতে পাওয়া যেত মাতৃ পদচিহ্ন। পরে পুরোহিত ঠাকুরের পরামর্শে একটি আগমনী পুজোর পর ওই পায়ের ছাপ স্থায়ী ভাবে বেদীর সামনে প্রস্ফুটিত হয়েছে। উদ্যোক্তাদের মতে, পুরুলিয়া ছাড়িয়েও বহু বাইরের মানুষের নানান ইচ্ছে এই মন্দিরের মা কালী পূরণ করেছেন বলে অগাধ বিশ্বাস মানুষের মধ্যে। তাঁরা আরো বলছেন, “ইচ্ছাময়ী” নামের সঙ্গে মন্দিরের মা কালীর কাজের অদ্ভুত মিল। তাই মাত্র ১১ বছরেই মন্দির ও মন্দিরের ইচ্ছাময়ী মা পুরুলিয়া সহ আশপাশে মানুষের মধ্যে রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছেন।



