নিজস্ব সংবাদদাতা, মানবাজার, বুধবার, ১১ অক্টোবর ২০২২ঃ

যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক মহিলার। বুধবার মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মানবাজার শহরের অদুরে মানবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা যায়, একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে। যার কারনে বাইক থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন ওই মহিলা।পরিবারের লোকজন সূত্রে জানা যায়, ওই মহিলার নাম সুলেখা মাঝি (৪৫)। বাড়ি ভালুবাসা গ্রাম পঞ্চায়েত এলাকার কুমোরডি গ্রামে। বাইকে করে তিনি মেয়ে ও জামাই এর সাথে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যেই এই দুর্ঘটনা। এদিন মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। দুর্ঘটনার কারণ হিসাবে রাস্তার বেহাল দশাকে দায়ী করছেন স্থানীয় লোকজন। ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। খবর পয়ে আসেন মানবাজার এসডিপিও বরুন বৈদ্য সহ একাধিক পুলিশ আধিকারিক। বিক্ষোভকারীদের সাথে দীর্ঘ আলোচনার পর মহিলার দেহ তোলা হয়। তবে দীর্ঘদিন ধরে একটি রাস্তা কেন বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কেনই বা মেরামত করা হচ্ছে না বাসস্ট্যান্ড লাগোয়া ব্যস্ততম এই রাস্তাটি তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

শেয়ার করুন

You cannot copy content of this page