নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ঃ
৩ ডিসেম্বর ঝালদা পুরসভার নতুন বোর্ড গঠনের বৈঠক ডাকলেন তিনজন কাউন্সিলার। ভাইস চেয়ারম্যানের বৈঠক ডাকার নির্দিষ্ট সাত দিন পেরিয়ে যাওয়ার পরই পুরসভার তিনজন কাউন্সিলার এই বৈঠক ডাকেন বলে পুরসভা সূত্রে জানাগিয়েছে। পুরসভা সূত্রে আরও জানাগিয়েছে, কংগ্রেসের দুজন কাউন্সিলার এবং একজন নির্দল কাউন্সিলার এই বৈঠক ডাকেন। এবিষয়ে ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলার বিপ্লব কয়াল বলেন, ২১ ডিসেম্বর অনাস্থার তলবি সভার মাধ্যমে চেয়ারম্যান সুরেশ আগরওয়াল অপসারিত হন। পুর আইন অনুযায়ী ওই সভার পর সাতদিন পর্যন্ত ভাইস চেয়ারম্যানের সভা ডাকার সময় ছিল। কিন্তু ভাইস চেয়ারম্যান ওই সভা ডাকেননি। তাই তিনজন কাউন্সিলার মিলে আমরা ৩ ডিসেম্বর সকাল ১১ টার সময় নতুন বোর্ড গঠনের সভা ডেকেছি। সবাইকেই আসার আহ্বান জানিয়েছি ওই সভাতে। এবিষয়ে তৃণমূল কাউন্সিলার সুদীপ কর্মকার বলেন, এখনও নোটিশ পাইনি। তবে পুর আইন অনুযায়ী অন্য কাউন্সিলারেরা বৈঠক ডাকলে তাতে সমস্যার কিছু নেই। আইন মেনে ওই কাউন্সিলারেরা সভা ডাকতেই পারেন।
শেয়ার করুন