নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার ৬ ডিসেম্বর ২০২২ঃ

টাওয়ার বসানোর নাম করে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। তিনি প্রতারিত হয়েছেন, এরকম জানিয়ে গোটা ঘটনার বিবরণ সহ গত ১৩ নভেম্বর পুরুলিয়া সাইবার অপরাধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাশীপুর থানার সোনাইজুড়ির বাসিন্দা বিনয় কুমার মন্ডল। ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২০২১ সালের ১ সেপ্টেম্বর বিনয় কুমার মন্ডলের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। অন্যপ্রান্ত থেকে অপরিচিত এক ব্যক্তি নিজেকে একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বলে, বিনয় বাবুর কোন ফাঁকা জায়গা থাকলে কোম্পানি নেটওয়ার্ক টাওয়ার বসাবে। এমনকি এর বিনিময়ে এককালীন আট লক্ষ টাকা, মাসিক ১৫,৫০০/- টাকা ভাড়া এবং পরিবারের এক সদস্যকে চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয় বলে বিনয় কুমার মন্ডলের দাবি। তিনি বিষয়টিতে রাজি হতেই আয়কর, দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত শংসাপত্র, পঞ্চায়েতের অনুমোদন ইত্যাদি বাবদ বিনয় বাবুকে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকার দাবি করে ওই ব্যক্তি। সেইমতো গত ২০২১ সালের ২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ধাপে ধাপে নিজের, তাঁর বাবার এবং তাঁর এক বন্ধুর, তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১,৪১,০০০/- টাকা ওই নির্দিষ্ট অ্যাকাউন্টটিতে ট্রান্সফার করেন অভিযোগকারী বিনয় কুমার মন্ডল। এরপর চলতি বছরের গত জুন মাসে পুনরায় ওই ব্যক্তিরা বিনয় বাবুকে ফোন করে ট্রাই-এর অনুমোদনের জন্য আরও টাকার দাবি করলে তিনি প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন বলে দাবি সোনাইজুড়ির বাসিন্দা বিনয় কুমার মন্ডলের। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page