নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ঃ
রাজ্য তৃণমূলে বড় ধাক্কা। আজ, বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। এদিন সকালে তিনি মুর্শিদাবাদের বহরমপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সুব্রত বাবু সাগরদিঘি থেকে তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি রাজ্যের পূর্ত দফতরের দায়িত্বও সামলেছেন দক্ষতার সঙ্গে। মন্ত্রীর প্রয়ানে এদিন তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে জেলার স্কুল, কলেজ সহ সমস্ত সরকারি, আধাসরকারি, সরকার অধিগৃহীত ও সরকার পোষিত সমস্ত দপ্তরে দুপুর ২ টো থেকে ছুটি ঘোষণা করল জেলা প্রশাসন। এদিনই সকালের দিকে রাজ্য অর্থ দপ্তরের নির্দেশিকা এসে পৌঁছয় জেলা প্রশাসনের কাছে।

