নিজস্ব সংবাদদাতা, মানবাজার, সোমবার, ৯ জানুয়ারি ২০২৩ঃ
আজ মানবাজার গভর্মেন্ট আইটিআইতে আয়োজিত হয়ে গেল “প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলা”। স্কিল ইন্ডিয়া মিশনের অংশ হিসাবে, ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে এই মেলা আয়োজিত হয়।
এই মেলার মাধ্যমে অংশগ্রহণকারী কোম্পানিগুলি একই ছাদের তলায় সম্ভাব্য শিক্ষানবিশদের সাথে দেখা করার এবং ঘটনাস্থলেই আবেদনকারীদের বেছে নেওয়ার সুযোগ পেল। আজকের মেলায় উপস্থিত ছিল আইটিসি গ্রুপ, আদিত্য বিড়লা গ্রুপ, এক্সাইড ইন্ডাস্ট্রি লিমিটেড, এশিয়ান পেইন্ট, হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া লিমিটেড, L & T র মত প্রায় ২০ ছোট বড় কোম্পানি। প্রায় ৫০০ র অধিক প্রশিক্ষণার্থী এই মেলায় অংশগ্রহণ করে যাদের মধ্য থেকে ৩৪২ জন নির্বাচিত হয়েছে।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই মেলার উদ্বোধন করেন পুরুলিয়া গভর্মেন্ট আইটিআই এর অধ্যক্ষ মাননীয় অভিজিৎ কুন্ডু মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মাননীয় অমিতাভ মিশ্র, মানবাজার মহকুমা প্রেসক্লাবের সম্পাদক মাননীয় সমীর দত্ত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মাননীয় শরৎচন্দ্র পরামাণিক, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক মাননীয় মহাদেব হালদার সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।




