নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ঃ
আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম বার্ষিকী অভিনব উপায়ে পালন করল আড়ষা থানার মহুলবন সাহিত্য গোষ্ঠী। গোষ্ঠীর উদ্যোগে এদিন পুরুলিয়া সৈনিক স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি কবিতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটির শুভ সূচনা করেন সৈনিক স্কুলের অধ্যক্ষ ক্যাপ্টেন জি. প্রবাহার। মহুলবন সাহিত্য গোষ্ঠীর সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানিয়েছেন, কবিতা লেখা, পড়া ও কবিতা চর্চা বিষয়েই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি দেবাশিস মন্ডল, বিদ্যুৎ মিশ্র, বিমল পান্ডা, অপূর্ব গোস্বামী, আবৃত্তিকার স্বপ্না রায়, প্রীতিকণা মাহাত, শম্পা চট্টোরাজ প্রমুখ। ৫০-এর বেশি ছাত্র-ছাত্রী এদিনের কর্মশালায় অংশগ্রহন করে বলে মহুলবন সাহিত্য গোষ্ঠীর তরফে জানা গিয়েছে।
