নিজস্ব সংবাদদাতা, আনাড়া, শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ঃ
আনাড়া স্টেশন সংলগ্ন রেলওয়ে ট্র্যাকে পড়ে যাওয়া দামী গরম শাল প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল আনাড়া রেল পুলিশ। আনাড়া আরপিএফ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আনাড়া আরপিএফ পোস্টের ওসি এ কে গরাইয়ের নেতৃত্বে রেল পুলিশের একটি দল ওই রেলওয়ে ট্র্যাক ধরে যখন বিশেষ চেকিং চালাচ্ছিল, তখন প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ের পাশে ট্র্যাকের ওপর একটি দামী গরম শাল পড়ে থাকতে দেখে উদ্ধার করে। স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরে শালটির প্রক়ত মালিকের খোঁজ না পেয়ে সেটিকে আরপিএফ পোস্টে এনে রাখা হয়। পরে সন্ধে ৭ টা নাগাদ আনাড়ারই বাসিন্দা মহিলা, শেফালি পাল নিজের গরম শালের খোঁজ করতে আসেন। জানা গিয়েছে, আনাড়া-আসানসোল মেমু ট্রেনে এদিনই আসানসোল যাচ্ছিলেন ওই মহিলা। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই তাড়াহুড়োতে তাঁর গরম উলের শালটি রেলওয়ে ট্র্যাকে পড়ে যায়। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এরপরই ওই শাল প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। ১১০০/- টাকা দামের শাল ফেরত পেয়ে বিশেষ খুশি ওই মহিলা। আনাড়া আরপিএফ থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
শেয়ার করুন