নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ঃ

আজ পয়লা মাঘ। জঙ্গলমহলে এদিনের গুরুত্ব অপরিসীম। এখানের লোকজীবনে দিনটি নতুন কৃষি বর্ষের সূচনার দিন বলে অবিহিত। মূলত কৃষি নির্ভর এখানের মানুষজন এদিন মূলত ভূমি বা পৃথিবীর পুজো করে থাকেন। একইভাবে লোকজীবনের সঙ্গে যুক্ত লোক দেবদেবীর পুজোও করা হয়। এদিন বাগমুন্ডির মাঠা পাহাড়ে মাঠা বুরু ঠাকুরের পূজো দিতে দেখা গেল পূন্যার্থীদের ভিড়।
বাগমুন্ডি, বলরামপুর, সহ পার্শ্ববর্তী রাজ‍্য ঝাড়খন্ড থেকেও এই পাহাড়ে পুজো দিতে এলেন বহু পূন্যার্থী।
পাহাড়ের উপরে রয়েছে মাঠাবুরু ঠাকুরের থান। সেখানেই পূজো হয়। রয়েছে ছাগ বলি প্রথা। সেই প্রাচীন সময় থেকেই শয়ে শয়ে পাঠা বলি হয় এদিন। এছাড়াও পায়রা উড়ানোর প্রথা রয়েছে এখানে।
পাহাড়ে ওঠা কঠিন হলেও ভক্তি আর বিশ্বাসের জোরে পাহাড়ে উঠলেন আট থেকে আশি। পাহাড়ের উপরে সারি সারি দোকান পেতে বসেছেন এলাকার দোকানদাররা। তবে পানীয় জলের বিক্রি বেশি। উপরে রয়েছে একটি কুয়ো। সেখানে স্নান সেরে দন্ডী কেটে প্রথা পালন করলেন সকলেই।

শেয়ার করুন

You cannot copy content of this page