নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩ঃ
আজ (বৃহস্পতিবার) সোনাইজুড়ি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের খুদে পড়ুয়া ও সদ্য প্রাক্তনদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্দেশ্য লেখাপড়ার পাশাপাশি ছোট ছোট পড়ুয়াদের মধ্যে এক অনাবিল আনন্দের পরিবেশ গড়ে তোলা। অনুষ্ঠানে এদিন খুদে পড়ুয়ারা নাচ-গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে। বেশ কিছু পড়ুয়াদের উৎসাহিত করতে তাদের বিশেষ সম্বর্ধনাও দেওয়া হয়। এবছর যারা সদ্য স্কুলে ভর্তি হয়েছে তাদের রঙপেন্সিলের প্যাকেট, বেলুন ও ফুল দিয়ে বরণ করার পাশাপাশি যারা এবছর বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের সকলকেও বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সম্মাননা জ্ঞাপন করা হয় বিদ্যালয়ের শিশু সংসদের সদস্যদের। এছাড়াও বিদ্যালয়ের একটি বাগান প্রাক্তন প্রধান শিক্ষিকা স্বর্গীয়া উর্মিলা মাহাতর স্মৃতিতে উৎসর্গ করা হয় এদিন। এদিন স্মৃতিফলকের আবরণ উন্মোচন করেন পুরুলিয়া-১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার মাহাত। প্রধান শিক্ষক দেবজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, সকলকে স্কুলমুখী করা এবং একইসঙ্গে খুদে পড়ুয়ারা যাতে স্কুলে লেখাপড়ার পাশাপাশি আনন্দ খুঁজে পায়, সেই লক্ষ্যেই বছরের শুরুতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে এই নবীনবরণ, সমাবর্তন ও বিদায় সংবর্ধনা নিয়ে খুদে পড়ুয়াদের পাশাপাশি এদিন বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক-অভিভাবিকা ও সদ্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।



