নিজস্ব সংবাদদাতা, মানবাজার, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩ঃ
স্কুল ভবন নির্মানের টাকা আত্মসাতের অভিযোগ উঠলো মানবাজারে। বিদ্যালয় পরিদর্শকের দপ্তর সূত্রে খবর, মানবাজার-১ নং ব্লকের বনমহড়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবন নির্মানের জন্য ২০১৪-১৫ বর্ষে প্রায় ১৫ লক্ষের মতো টাকা মঞ্জুর হয়। কিন্তু একাউন্টে এখন টাকা নেই।
তাহলে এত বিপুল পরিমাণ টাকা গেলো কোথায় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন সকলের মনে। সুদ সমেত এখন ২০ লক্ষ টাকা হয়েছিলো তৎকালীন মঞ্জুর ওই অর্থের পরিমাণ। কিন্তু একাউন্টে রয়েছে বর্তমানে মাত্র ৮০ হাজার টাকা। আবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব মন্ডলের দীর্ঘদিন স্কুলে অনুপস্থিতি আরও সন্দেহের মাত্রা বাড়িয়ে দিয়েছে সকলের। এবার সেই ইস্যুকে হাতিয়ার করে এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে মানবাজার-১ নং অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিলো সিপিআইএম।
এলাকার বাসিন্দা তথা ওই অঞ্চলের প্রাক্তন প্রধান স্বপন কুমার বাউরী জানান, ওই এলাকায় ২০১৪ সালে একটি স্কুল ভবন নির্মাণের জন্য টাকা মঞ্জুর করা হয়, সেই মতো স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের নামে একটি একাউন্টও খোলা হয়, কিন্তু সাময়িক জমি জটলার সমস্যার কারনে আটকে যায় স্কুল ভবন নির্মানের কাজ। পরবর্তীকালে যখন এই সমস্যা মিটে যায় এবং স্কুল ভবন নির্মানের জন্য উদ্যোগী হলে তখন জানতে পারি একাউন্টে যথেষ্ট পরিমানে টাকা নেই। সেই বিষয়টি নিয়ে আজ দলীয় ভাবে ডেপুটেশন দেওয়া হলো। যদিও সিপিআইএমের দাবী পুরো টাকাটাই আত্মসাৎ করেছে তৃনমুল সংগঠনে থাকা ওই শিক্ষক।
এবিষয়ে মানবাজার-১ নং অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা জানান, অভিযোগ পেয়েছি কাছ থেকে এবং কর্তৃপক্ষকে এ বিষয়টি অবগত করা হয়েছে। আগামী 5 ই জানুয়ারী বৃহস্পতিবার জেলা শাসকের কাছে এনিয়ে একটি হেয়ারিং রয়েছে, তারপরই এবিষয়ে বিস্তারিত মন্তব্য করতে পারবো।
