নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ঃ
পুরুলিয়া পৌর শহরের হাউস ফর অল প্রকল্পের জন্য সম্প্রতি প্রায় সাড়ে দশ কোটি টাকা এসে পৌঁছল পুরুলিয়া পৌরসভায়। পুরুলিয়া পৌরসভা সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে ও চলতি মাসে মোট ১০ কোটি ৩৮ লক্ষ ১০ হাজার টাকার তহবিল এসে পৌঁছেছে পৌরসভার কাছে। জানা গিয়েছে, ২০১৮-১৯ ও ২০১৯-২০ বর্ষের বকেয়া ফান্ডের ৪ কোটি টাকা এবং ২০২০-২১ আর্থিক বর্ষের অনুমোদিত বাড়ির জন্য ৬ কোটি ৩৮ লক্ষ ১০ হাজার টাকার তহবিল এসেছে। পৌরপ্রধান নবেন্দু মাহালি জানান, গত ডিসেম্বর মাসে যে ৪ কোটি টাকার তহবিল এসেছে তা তৃতীয় ও চতুর্থ পর্যায়ের অনুমোদিত বাড়ির টাকা। যেসমস্ত বাড়ির কাজ অর্ধসমাপ্ত ছিল বা চলছে এবং উপভোক্তাদের পাওনা বিভিন্ন কিস্তিগুলির টাকা বাকি পড়ে ছিল, ৪ কোটির তহবিল তারই জন্য। এছাড়া চলতি মাসে যে ৬ কোটি ৩৮ লক্ষ ১০ হাজার টাকার তহবিল এসেছে তা পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের ২৩ টি ওয়ার্ডের মোট ১৭৩৪ টি বাড়ির জন্য। যেগুলির অনুমোদন পাওয়া গিয়েছিল ২০২০-২১ বর্ষে। নবেন্দু বাবু বলেন, এই তহবিল থেকে পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের অনুমোদিত বাড়ির উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়ির কিস্তি দেওয়ার প্রক্রিয়াগত কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে লে আউট দেওয়াও শুরু হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের বাড়ির এটাই প্রথম তহবিল। যা প্রায় দুবছর আটকে ছিল বলে জানিয়েছেন নবেন্দু মাহালি। তিনি আরো বলেন, আগের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের অনুমোদিত বাড়ির যে সমস্ত কিস্তি বাকি পড়ে ছিল, ডিসেম্বরের ৪ কোটির তহবিল থেকে উপভোক্তাদের পাওনা কিস্তি মিটিয়ে দেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুরুলিয়া পৌরসভা।
শেয়ার করুন