নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩:

পুঞ্চার দলাহা সংলগ্ন এলাকা থেকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা অবৈধ বালি পাচারের অভিযোগে একটি বালি বোঝায় ট্রাক্টর আটক করে তা পুঞ্চা থানা পুলিশের হাতে তুলে দিয়ে আবার যেন প্রমাণ করল বালি মাফিয়াদের রমরমা কারবারের সক্রিয়তা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা ও জেলা প্রশাসনের তীক্ষ্ণ দৃষ্টিকে উপেক্ষা করে বালি মাফিয়ারা দিনের পর দিন কাঁসাই এর বালি চুরি করছে। যার কারনে এই নদীর রূপ যৌবন যেন কেড়ে নিচ্ছে মাফিয়া নামক অভিনব রাক্ষস। কাঁসাইয়ের নামকরণ সম্পর্কে শোনা যায়, ধাতব বস্তু কাঁসার মতো স্বচ্ছ বালি, স্বচ্ছ পাথর ও স্বচ্ছ জলের জন্যই কাঁসাই নামে অভিহিত হয়েছিল এই নদী। তবে বর্তমান সময়ে অবৈধ উত্তোলনে রূপ যৌবন অলংকার যেন দিন দিন হারাচ্ছে এই নদী।

অন্যদিকে রাজনৈতিক ও সামাজিকভাবে একাধিকবার আধিকারিকদের কাছে জানানো হলেও হুস ফিরছেনা স্থানীয় প্রশাসনের। তবে এবার উচ্চপদস্থ আধিকারিকদের আচমকা এই হানাতে বৈধ কাগজপত্র না থাকায় একটি বালি বোঝাই গাড়ি আটক করে পুঞ্চা থানার তত্ত্বাবধানে তুলে দেওয়াতে আবার প্রমাণিত হলো বালি মাফিয়াদের সক্রিয়তা সম্পর্কিত তথ্য। বৃহস্পতিবার রাত্রে পুঞ্চা থানা পুলিশ সূত্রে জানানো হয়, বালি বোঝাই ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং আইন অনুযায়ী সব রকম ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page