নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ঃ

চাকুরি থেকে অবসর নিলেন বিদ্যালয়ের তিনজন। তাই মঙ্গলবার পরিচালন সমিতি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বিদায় সম্বর্ধনা জানানো হল তাঁদের। পুরুলিয়া গিরীশ চন্দ্র বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণা রায়, শিক্ষক বিভূতি পরামাণিক ও শিক্ষাকর্মী নারায়ণ চন্দ্র দাস এদিন চাকরি থেকে অবসর নিলেন। তাঁদের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ে আয়োজিত হল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অনিমেষ দাস, পরিচালন সমিতির সদস্য বিশ্বজিৎ নন্দী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পড়ুয়া সহ বিশিষ্টজনেরা। পরিচালন সমিতির সভাপতি অনিমেষ দাস নিজের বক্তব্যে অবসর গ্রহনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশেষ অবদানের কথা এদিন স্মরণ করিয়ে দেন। বলেন, এই বিদায়ী অনুষ্ঠান আসলে ভবিষ্যতে তাঁদের আরো ভাল করে বেঁধে রাখার একটা পদক্ষেপ। তবে প্রিয় মানুষদের অবসরে এদিন চারপাশের বাতাবরণে কোথাও যেন অবিরত বেজে চলেছিল বিরহের সুর।

শেয়ার করুন

You cannot copy content of this page