নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ঃ
বকেয়া ডি এ-র দাবিতে সোম ও মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনরত যৌথ মঞ্চ কর্মবিরতির ডাক দিয়েছে। অন্যদিকে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের এই সিদ্ধান্তের বিরোধিতায় কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশিকা জারি করেছে। গতকালের একটি নির্দেশিকার মাধ্যমে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সরাসরি জানিয়ে দিয়েছেন সরকারি কর্মচারীরা সোম অথবা মঙ্গলবার অথবা দুদিনই কর্মবিরতিতে গেলে তাঁদের বিরুদ্ধে কর্মবিরতির দিনের বেতন কেটে নেওয়া বা কর্মবিরতিতে যাওয়া কর্মচারীদের সার্ভিস রুল ভাঙার মত কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। নির্দেশিকায় উল্লেখ, যেহেতু যৌথ মঞ্চের ডাকে সরকারি কর্মচারীদের কর্মবিরতি কর্মীদের অসুস্থতা জনিত বা প্রসবকালীন বা এই ধরনের কোন ছুটির দিন বা কারন নয়, তাই সোম অথবা মঙ্গলবার বা ওই দুদিনই যেসমস্ত সরকারি কর্মচারীরা কাজে অনুপস্থিত থাকবেন, তাঁদের বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও উল্লেখ। এমনকি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদেরও ওই দুদিনে সংশ্লিষ্ট দফতরের কর্মচারীদের গতিবিধির উপর কড়া নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে সরকারি নির্দেশ নামায়।

