নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ঃ
সামনেই চৈত্র-বৈশাখের গরম আর জল সংকটের দিন আসতে চলেছে। তাই পুরুলিয়া শহরে জলের অভাবে যাতে পৌর নাগরিকদের কষ্ট না হয়, সেজন্য অবশেষে পুরুলিয়া শহরের জলাশয় বা পুকুরগুলি সাফাই ও সংস্কারের কাজে হাত দিল পৌরসভা। প্রসঙ্গত শহরের জাতীয় সরোবর সাহেব বাঁধ সহ বুচা বাঁধ, নতুন বাঁধ, রাজা বাঁধ সহ প্রায় অধিকাংশ পুকুরই বিগত বেশ কয়েক মাস ধরে সংস্কারের অভাবে কচুরি পানা ও আবর্জনায় ভরে গিয়েছে। এমনিতে পুরুলিয়া শহরের পুকুরগুলির ওপর দৈনন্দিন ব্যবহার্য জলের কারনে সংশ্লিষ্ট এলাকাবাসী ভীষণভাবে নির্ভরশীল। কিন্তু দীর্ঘ সময় সংস্কার বিহীন পুকুর গুলির জল ব্যবহার করতে না পেরে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ক্ষোভও জমেছে। বিভিন্ন সংগঠনের ও বিভিন্ন মহলের তরফে পৌরসভা ও জেলা প্রশাসনের কাছে পুকুর গুলির সংস্কারেরও দাবিও ইতিমধ্যেই জানানো হয়েছে। অবশেষে গরমের প্রকোপ জেঁকে বসার আগেই শহরের বেশ কয়েকটি পুকুর সংস্কারের কাজে নামল পুরুলিয়া পৌরসভা। এদিন সকালে পৌরপ্রধান নবেন্দু মাহালি জানিয়েছেন, সামনেই চৈত্র বৈশাখের গরম পড়তে চলেছে। শহরের পুকুরগুলির ওপর নাগরিকদের দৈনন্দিন নির্ভরতাও বাড়বে। পৌর নাগরিকদের যাতে জলের সমস্যা সামনের গরমের দিনে না হয় সেদিক বিচার করে শহরের পুকুর গুলির সাফাই ও সংস্কারের কাজে হাত দেওয়া হল।
শেয়ার করুন