নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ঃ
ভর দুপুরে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটল পুরুলিয়া শহরের জনবহুল এলাকায়। সোমবার দুপুরে পুরুলিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ডাক্তারডাঙ্গা এলাকায় একাকিত্বের সুযোগ নিয়ে এক মহিলার বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দুইজন যুবক এক পালিশ কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে সোনার অলঙ্কার লুঠ করে চম্পট দেয়। ঘটনায় ওই মহিলার বাড়িতে থাকা প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার সোনার জিনিসপত্র খোয়া যায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, আজ, মঙ্গলবার দুপুরে ১৫ নম্বর ওয়ার্ডের ডাক্তারডাঙ্গার বাসিন্দা হালিম দাদ খানের স্ত্রী ফরিদা খান বাড়িতে একাই ছিলেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ দুজন অজ্ঞাত পরিচয় যুবক একটি মোটরবাইকে তাঁর বাড়িতে আসে । নিজেদের এক পালিশ কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দিয়ে জিনিসপত্র পালিশ করার কথা বলে এবং বিভিন্ন প্রচারমূলক লিফলেট বা প্রচার পত্রও দেখায়। ওই মহিলা তাদের বিশ্বাস করে বাড়িতে থাকা সমস্ত সোনার গহনা বার করে দেন পালিশ করার জন্য। পালিশ করার জন্য তারা গরম জল চায়। ওই মহিলা গরম জল করতে রান্না ঘরে যেতেই সমস্ত সোনার গহনা নিয়ে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতি। ঘটনার খবর পেয়ে মহিলার ছেলে বাড়িতে আসেন এবং সঙ্গে সঙ্গে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেন। এক প্রতিবেশীর সিসি ক্যামেরার ফুটেজে মোটরবাইক আরোহী দুই দুষ্কৃতির ছবি ধরা পড়ে। তাদের চিনতে পেরে সেই ছবিও দেওয়া হয় পুলিশকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

