নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ঃ
শূন্যপদে অবিলম্বে শিক্ষক নিয়োগ এবং একাদশ শ্রেণীতে সমস্ত স্কুলে পড়ুয়া ভর্তি করে পঠন-পাঠন স্বাভাবিক রাখার দাবি নিয়ে আজ, মঙ্গলবার জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিল এসইউসিআইসি-র ছাত্র সংগঠন এ আই ডি এস ও। সংগঠনের জেলা সম্পাদক বিকাশ রঞ্জন কুমার এদিন বলেন, রাজ্য সরকারের “উৎসশ্রী” নামক শিক্ষক বদলির নীতির ফলে গোটা জেলার গ্রামীণ স্কুলগুলি থেকে প্রায় এক হাজার শিক্ষক বদলি নিয়ে চলে গিয়েছেন। তিনি আরো বলেন, ৬৩০ জন শিক্ষক বদলি নিয়ে জেলার বাইরে গেছেন এবং ৩৬০ জন শিক্ষক গ্রামীণ এলাকা থেকে শহর সংলগ্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নিয়েছেন। ফলে জেলা জুড়ে গ্রামীণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, বিশেষতঃ বাগমুন্ডি, ঝালদা, কোটশিলা, বান্দোয়ান, মানবাজার-২ এই সমস্ত ব্লকের বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের ক্ষেত্রে চরম সঙ্কট দেখা দিয়েছে। বেশিরভাগ স্কুলে হাজারের বেশি ছাত্র-ছাত্রী থাকলেও শিক্ষক রয়েছেন হাতে গোনা। কোথাও কোথাও দুই বা তিনজন করে। ফলে অধিকাংশ গ্রামীণ স্কুল কর্তৃপক্ষ একাদশ শ্রেণীতে পড়ুয়া ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় সাধারণ ছাত্র-ছাত্রীদের লেখাপড়া কিভাবে চলবে তা নিয়ে জেলাজুড়ে পড়ুয়া ও তাদের অভিভাবকরা চরম সমস্যায় পড়েছেন। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে তাই এদিন জেলা স্কুল পরিদর্শকের কাছে সংগঠনের পক্ষে দাবি জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

