নিজস্ব সংবাদদাতা, আড়ষা, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ
৭২ টি খোওয়া যাওয়া মোবাইল ফোন সহ ৪ জনকে গ্রেপ্তার করল আড়ষা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। জানা গিয়েছে, ধৃতদের নাম সুরজ মালি (৩৪),শক্তি মালি (৩২), সূর্য দেব সিং (১৮) এবং ভগীরথ সিং (২২)। এদের মধ্যে ভগীরথের বাড়ি কাঁটাডি গ্রামের ভাটি মোড়ে এবং বাকি ৩ জন শিশু ভারতী স্কুলের কাছে কাঁটাডি মোড়ের বাসিন্দা ।আড়ষা থানা সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিকেলে আড়ষা থানার পুলিশের একটি দল পুরুলিয়া-বলরামপুর রাস্তায় কাঁটাডি মোড়ে টহলদারির ডিউটিতে ছিল। সেসময় কাঁটাডি গুলগুলিয়া বস্তিতে বেশকিছু চুরির মোবাইল ফোন রাখা আছে বলে ওই পুলিশ দলের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে। খবর পেয়েই পুলিশ প্রথমেই হানা দেয় সুরজ মালির ঘরে। সেখানে ১৪ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ফোনগুলির কোনটিরই কোন নথি সে দেখাতে পারেনি বলে দাবি পুলিশের। মোবাইল ফোনগুলির বিষয়ে পুলিশের বিভিন্ন প্রশ্নের কোন সদুত্তরও সে দিতে পারে নি। এরপরই ১৪ টি মোবাইল ফোন সহ সুরজ মালিকে আটক করে পুলিশ। এরপর পরপর শক্তি মালির বাড়িতে হানা দিয়ে ২১ টি, সূর্য দেব সিং-এর বাড়ি থেকে ১৯ টি এবং শেষে ভগীরথ সিং-এর বাড়িতে হানা দিয়ে ১৮ টি নথি বিহীন মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে কেউই তাদের বাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির কোন নথিই দেখাতে পারেনি এবং এগুলো কিভাবে তাদের কাছে এলো তার কোন সদুত্তরও দিতে পারেনি। এরপরই পুলিশ উদ্ধার হওয়া ৭২ টি মোবাইল ফোন সহ ওই চারজনকে গ্রেপ্তার করে।
শেয়ার করুন