নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ
সরকারি জমি দখল করে নির্মাণ করার অভিযোগে ঝালদা থানায় লিখিত অভিযোগ করলেন ঝালদা-১ নম্বর ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। বুধবার ঝালদা-১ বিএলআরও ঝালদা থানায় লিখিত অভিযোগে জানান, সেক রহিম সহ আরো পাঁচজনের আবেদনের ভিত্তিতে ভূমি দপ্তরের পরিদর্শনে ধরা পড়ে ঝালদা থানার কাঁটাডির বাসিন্দা সেক কালিম এবং ওই থানারই হুশেনডির বাসিন্দা রাকিম কাজি বর্তমান এল আর রেকর্ড অনুযায়ী ঝালদা মৌজার জে এল নম্বর ১৩১-এর অন্তর্গত সরকারি ভেস্টেড একটি প্লট দখল করে নির্মাণ করেছেন এবং অন্য একটি প্লট দখলের চেষ্টাও করছেন বলে ঝালদা ভূমি দফতরের অভিযোগ। ভূমি দপ্তরের দাবি, দপ্তরের তরফে পরিদর্শন করার সময় এ সংক্রান্ত কোন বৈধ নথি তাঁরা দেখাতে পারেন নি। এমনকি গত ২৮ জুন ও ৭ জুলাই দুবার দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে হিয়ারিং-এর জন্য ডাকা হলেও কেউই হাজির হননি বলে অভিযোগ ঝালদা-১ ভূমি দপ্তরের। এরপরই ওই দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানিয়ে বুধবার ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক।
শেয়ার করুন