নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার অভিযোগ উঠল বলরামপুরের বেলা গ্রামে। ওই গ্রামের দুটি পরিবার বুধবার বলরামপুর থানায় পরস্পরের বিরুদ্ধে ধারালো অস্ত্রের আঘাতে মারধরের অভিযোগ দায়ের করে। জানা গিয়েছে, একটি জায়গায় অন্নপ্রাসনের অনুষ্ঠানের প্যান্ডেল করাকে কেন্দ্র করে দুপক্ষের বচসা হয় ও তারপর দুপক্ষই পরস্পরকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়েছে বলে থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে। বেলা গ্রামের বাসিন্দা সমর দাসের দাবি, তাঁর জমিতে তাঁকে না জানিয়েই প্যান্ডেল করছিলেন গ্রামেরই অরুণ কুমার দাস ও তাঁর ছেলে গোপীনাথ দাস। সমর বাবুর অভিযোগ, তিনি তাতে নিষেধ করতে গেলে পিতা-পুত্র দুজন তাঁর ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। অন্যদিকে অরুণ কুমার দাসের দাবি, তাঁদের পৈতৃক জমিতে অন্নপ্রাসন অনুষ্ঠানের প্যান্ডেল করেছিলেন তিনি ও তাঁর ছেলে গোপীনাথ দাস। সমর দাস তাতে বাধা দিতে এলে তাঁরা বাধা দেওয়ার কারন জানতে চান। তখন সমর দাস ও অমর চন্দ্র দাস তাঁদের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনার সত্যতা যাচাই করছে বলরামপুর থানার পুলিশ।
শেয়ার করুন