নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ

দু রাউন্ড গুলি ভর্তি লোহার তৈরি উন্নত পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কোটশিলা থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নাসির আনসারি (৬৬)। বাড়ি কোটশিলা থানার বড়মেট্যালায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল, শুক্রবার সন্ধ্যায় এস আই পূর্ণেন্দু দত্তর নেতৃত্বে কোটশিলা থানার পুলিশের একটি দল মোবাইল ডিউটিতে ছিল। রাত সোয়া ৮ টা নাগাদ তাঁরা যখন খটঙ্গা মোড়ে ডিউটি করছিলেন, তখন তাঁদের কাছে খবর আসে ধৃত নাসির আনসারি চিতমু মোড়ের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ঘোরাফেরা করছে। পুলিশের টহলদারি দলটি তড়িঘড়ি চিতমু মোড়ের দিকে যায় এবং রাত ৯ টা নাগাদ সেখানে পৌঁছয়। পুলিশ দেখেই ধৃত পালাতে উদ্যত হলে একপ্রকার ধাওয়া করে তাকে পাকড়াও করে পুলিশ বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, তার ছুটে পালানোর কারন তাকে জিজ্ঞাসা করা হয়। সে কোন সদুত্তর দিতে পারে নি। ঘটনাস্থলেই তার দেহ তল্লাশি করে ডান দিকের কোমরে পরিধানের সঙ্গে আটকানো গুলি ভরা পিস্তলটি উদ্ধার করে পুলিশ। পিস্তল ও গুলির কোন বৈধ নথি সে দেখাতে পারেনি বলে দাবি পুলিশের। আরো দাবি, অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রি বা কোন অপরাধ সংঘটিত করতেই সে পিস্তলটি সঙ্গে রেখেছে বলে ধারণা দৃঢ় হয় পুলিশের। এরপরই তাকে আটক করে কোটশিলা থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page