নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ

ঘরের দরজার ইন্টারলক ভেঙে ভেতরে ঢুকেও ভাড়াদার ব্যাক্তির খোঁজ মিলল না। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ঝালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বীট পরিবারের ভাড়া দেওয়া বাড়িতে। প্রসঙ্গত, বীট পরিবারের সদস্য বিজয় বীট এদিন জানান, আদপে বিহারের বাসিন্দা পেশায় এলআইসি-র ডেভেলপমেন্ট অফিসার রাকেশ কুমার গত এক মাস ধরে তাঁর বাড়িতে ভাড়ায় রয়েছেন। তিনি আরো বলেন, গতকাল, শুক্রবার রাকেশ বাবুর বাবা তাঁদের বিহারের বাড়ি থেকে বিজয় বাবুকে ফোন করে বলেন, দুদিন ধরে তাঁর (রাকেশ বাবুর বাবার) রাকেশ বাবুর সঙ্গে যোগাযোগ হচ্ছে না। তাই রাকেশ বাবুর খোঁজ নিয়ে দেখতে বলেন বিজয় বাবুকে। খোঁজ করতে গিয়ে রাকেশ বাবুর ঘরটি তালাবন্ধ দেখতে পান বাড়ি মালিক বিজয় বীট। তাঁর বক্তব্য, দরজায় ইন্টারলক থাকায় তিনি বুঝতে পারেন না বাইরে থেকে নাকি ভেতর থেকে দরজা লক করা হয়েছে। এরপরই রাকেশ বাবুর পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেন বিজয় বীট। এলআইসি অফিসেও খোঁজ করেন রাকেশ বাবুর। কিন্তু কোন খোঁজ পাননি বলে দাবি বিজয় বাবুর। তিনি বলেন, এরপরই আজ শনিবার তিনি ঝালদা থানার দ্বারস্থ হন। ঝালদা থানার পুলিশ এদিন এসে স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে এদিনও রাকেশ কুমারকে ঘরের মধ্যে খুঁজে পাওয়া যায় নি। গোটা বিষয়টিতে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জলজ্যান্ত একটা মানুষ আস্ত উধাও হয়ে গেল কোথায় বা কি করে, স্থানীয়দের চোখে এখন সেই প্রশ্ন। রহস্যভেদে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, রাকেশ বাবুর নিখোঁজ হওয়ার খবর এদিন তাঁর বিহারের বাড়িতেও জানানো হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page