নিজস্ব সংবাদদাতা, ঝালদা, রবিবার, ১৭ জুলাই ২০২২ঃ
৬ লিটার নকল বিলিতি মদের কারবারের অভিযোগে একজনকে গ্রেফতার করল আবগারি দফতরের ঝালদা সার্কেল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত্রে ঝালদা থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযানে জিতেন মাহাত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন আবগারি দপ্তরের আধিকারিকরা। ধৃত জিতেন মাহাতোর বাড়ি তোড়াং-এর কাছে পাতরাডি গ্রামে বলে জানা গিয়েছে। তোড়াং বাজারে ধৃতের স্টেশনারি দোকান থেকে মোট ছয় লিটার নকল বিলিতি মদ সহ শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ওই নকল বোতল বন্দী বিলিতি মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে আবগারি দফতর সূত্রে খবর। আজ, রবিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হয়। ধৃত ব্যক্তি তার ওই দোকান থেকে নকল মদের কারবার করছিল বলে অভিযোগ। কয়েকদিন আগে কোটশিলার মাঝিডি গ্রামের একটি মুদিখানার দোকান থেকেও ২০ লিটার নকল বিলিতি মদ উদ্ধার করে আবগারি দফতর। তার সঙ্গে এদিনের ঘটনার কোনরকম যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।
শেয়ার করুন