নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ঃ
অতিরিক্ত পনের দাবিতে বধূকে নির্যাতনের অভিযোগ উঠল পুঞ্চায়। পুঞ্চা থানার ধাদকি গ্রামের গৃহবধূ প্রতিমা মাহাত রবিবার এই মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের করে এমনও জানিয়েছেন শ্বশুরবাড়ির লোক তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় বর্তমানে তিনি ৩ বছরের সন্তান সহ বাপের বাড়িতে রয়েছেন। জানা গিয়েছে, ২০১৮ সালে ধাদকি গ্রামের বাসিন্দা ধনঞ্জয় মাহাতর সঙ্গে কেন্দা থানার বানসা গ্রামের প্রতিমা মাহাতর বিয়ে হয়। বিয়েতে দাবিমত ৮০ হাজার টাকা নগদ ও সোনা-রূপোর গয়না সহ দান সামগ্রীও দেন প্রতিমা দেবীর বাপের বাড়ির লোক। তাঁদের একটি সন্তানও হয়। এরপর ২০২০ সাল থেকে অতিরিক্ত পনের দাবিতে প্রতিমা দেবীর উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাতে থাকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ। গত বছরের মাঝামাঝি মারধর করে তাঁকে বাড়ি থেকে শ্বশুরবাড়ির লোকেরা তাড়িয়ে দেয় বলে দাবি ওই গৃহবধূর। রবিবার ওই গৃহবধূ পুঞ্চা থানার দ্বারস্থ হয়ে স্বামী ধনঞ্জয় মাহাত, শ্বশুর লদাই মাহত ও শাশুড়ি সন্ধ্যা মাহাতর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের অত্যাচারে ৩ বছরের নাবালক সন্তান সহ বর্তমানে তিনি কেন্দা থানার বানসা গ্রামে বাপের বাড়িতে রয়েছেন বলে দাবি গৃহবধূ প্রতিমা মাহাতর।
শেয়ার করুন