নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ঃ
এক ট্রাক্টর চালক ও এক ভিলেজ পুলিশকে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠল বরাবাজারে। বিবরণে জানা গিয়েছে, বরাবাজার থানার আতাবেলার বাসিন্দা মিঠুন মাহাত ট্রাক্টর চালিয়ে চাষের জমিতে হাল দেওয়ার কাজ করেন। রবিবার রাত ৮ টা নাগাদ মিঠুন মাহাত জমির হাল কাজের ভাড়ার টাকা আদায়ে বেড়াদার মাঝপাড়াতে গিয়েছিলেন। অভিযোগ, সেসময় বেড়াদার বাসিন্দা মেঘনাদ রজক মদ্যপ অবস্থায় তাঁকে গালিগালাজ করে ও ইট, পাথর ইত্যাদি সহযোগে বেদম প্রহার করে। পরে মেঘনাদ রজকের কাছে মারধরের কারণ জানতে চাইলে তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ মিঠুন মাহাতর। রবিবার মিঠুন মাহাত বরাবাজার থানায় মেঘনাদ রজকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করেই ওইদিনই মেঘনাদ রজকের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন রাইডির বাসিন্দা তথা ভিলেজ পুলিশ রাজকুমার কালিন্দী। ভিলেজ পুলিশ রাজকুমার কালিন্দীর দাবি মিঠুন মাহাতকে মারধরের অভিযোগ পেয়ে থানার নির্দেশেই তিনজন সিভিক পুলিশ সঙ্গে নিয়ে ওইদিন রাত্রি সাড়ে ৯ টা নাগাদ বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে মেঘনাদ রজকের বাড়ি যান তিনি। সেখানে মেঘনাদ রজক, বিষ্ণুপদ রজক, পশুপতি রজক, সোমনাথ রজক ও রাজেশ রজক, সকলে মিলে লোহার রড ইত্যাদি দিয়ে তাঁদের বেদম মারধর করে ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ ওই ভিলেজ পুলিশের। এরপরই তিনি বরাবাজার থানার দ্বারস্থ হয়ে মেঘনাদ রজক সহ বাকিদের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করেন।
শেয়ার করুন