নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ঃ
ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন এক ব্যক্তি। আজ, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার অন্তর্গত তাঁতিডি এলাকায় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, জখম ব্যাক্তির নাম সুভাষ মাহাত। বাড়ি বলরামপুরের মুদিডিতে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তাঁতিডির কোন এক স্থানে বসে সুভাষ মাহাত নিশা তাঁতির ছেলের (নাম জানা যায়নি) সঙ্গে মদ্যপান করছিলেন। সেসময় দুজনের মধ্যে বচসা হয়। বচসার জেরে নিশা তাঁতির ছেলে ধারালো অস্ত্র দিয়ে সুভাষ মাহাতকে আঘাত করতেই তিনি জখম হন। স্থানীয়রা দেখতে পেয়ে বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন। এদিন খবর পেয়েই হাসপাতালে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ।
