নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২০ জুলাই ২০২২ঃ

পুরুলিয়া বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয় থেকে এক অবৈধ দেশি মদের কারবারিকে আটক করল পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনা সোমবার রাতের। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শেক মুনিজ ওরফে বাবলু (৩৯)। বাড়ি পুরুলিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জে কে কলেজ রোডে। এমনকি ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে ২১ বোতল অবৈধ দেশি মদও বাজেয়াপ্ত করা হয়। যার কোন বৈধ নথি ধৃত দেখাতে পারে নি বলে পুরুলিয়া সদর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় সদর থানার পিএসআই অশোক মাহাতার নেতৃত্বে শহরে মোবাইল ডিউটিতে ছিল সদর থানার পুলিশের একটি দল। সেসময়ই তাঁদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে, পুরুলিয়া বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়ে এক ব্যাক্তি অবৈধ দেশি মদ অনেক বেশি দামে খদ্দেরদের বিক্রি করছে। খবর পেয়েই বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়ে হানা দেয় পুলিশ দলটি। সেখানে দেখা যায় ধৃত শেক মুনিজ ওরফে বাবলু কয়েকজনকে দেশি মদ বিক্রি করছে এবং কয়েকজন সেখানেই বসে মদ খাচ্ছে। পুলিশকে দেখেই সবাই পালাতে উদ্যত হয়। ধাওয়া করে শেক মুনিজকে ধরে ফেলে পুলিশ। এরপর ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে ২১ বোতল লেবেল দেওয়া দেশি মদ উদ্ধার করে পুলিশ। বোতলগুলির প্রতিটিতে ৬০০ মিলি করে মদ পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। যার কোন বৈধ নথি সে দেখাতে পারেনি। এমনকি মদের কারবার করারও কোন বৈধ লাইসেন্স বা অনুমতিও তার কাছ থেকে পাওয়া যায় নি বলে দাবি সদর থানার পুলিশের। এরপরই উদ্ধার হওয়া মদের বোতল সহ তাকে আটক করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page