নিজস্ব সংবাদদাতা, জয়পুর, বুধবার, ২০ জুলাই ২০২২ঃ

বধূ নির্যাতনের অভিযোগ উঠল জয়পুরে। জয়পুর থানার বাঁশগড়ের এক গৃহবধূ জুলি কালিন্দী সোমবার এই মর্মে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, সাত বছর আগে ঝাড়খণ্ডের পিঁড়রাজোড়ার মোহনডির বাসিন্দা জুলি দেবীর সঙ্গে জয়পুর থানার অন্তর্গত বাঁশগড়ের বাসিন্দা কালীপদ কালিন্দীর বিয়ে হয়। বিয়েতে দাবিমত এক লক্ষ টাকা নগদ সহ অন্যান্য দান সামগ্রীও দেন জুলি দেবীর বাপের বাড়ির লোকজনেরা। কিন্তু বিয়ের পরই শশুর বাড়িতে অতিরিক্ত পনের দাবিতে ওই গৃহবধূর ওপর চাপ সৃষ্টি করলে আরো পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়। এরপর তাঁদের দুটি সন্তানও হয়। কিন্তু বিগত কিছু সময় ধরে তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা বাপের বাড়ি থেকে আরো টাকা এনে দিতে বলে তাঁকে মারধর শুরু করেছে বলে ওই গৃহবধূ জুলি কালিন্দীর অভিযোগ। এমনকি সন্তানসন্ততি সহ সংসার থাকা সত্ত্বেও তাঁর স্বামী কালীপদ কালিন্দী রবিবার আবার এক মহিলাকে বিয়ে করে ঘরে তোলে বলে দাবি। এ বিষয়ে স্বামীর সঙ্গে কথা বলতে গেলে তাঁকে বেদম মারধর করা হয় এবং বিষ দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ জুলি দেবীর। স্বামী কালীপদ কালিন্দী, শ্বশুর ভীষম কালিন্দী ও শাশুড়ি সুখিয়া কালিন্দীর বিরুদ্ধে জয়পুর থানায় সোমবার ওই গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page