নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বুধবার, ২০ জুলাই ২০২২ঃ

বিদ্যুৎ চুরির দায়ে ঝালদার খামার এলাকায় অভিযুক্ত হলেন ৩ জন ব্যক্তি। গতকাল, মঙ্গলবার ওই তিনজনের বিরুদ্ধে ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যুৎ দপ্তরের ঝালদা কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার মহঃ ইশতিয়াক নইম। জানা গিয়েছে, স্টেশন ম্যানেজারের নেতৃত্বে ঝালদা খামার এলাকায় বিদ্যুৎ বিভাগের কর্মীরা হানা দিলে বিদ্যুৎ চুরির বিষয়টি ধরা পড়ে। ওই এলাকার তিন বাসিন্দা, প্রকাশ মন্ডল, হরেকৃষ্ণ কুমার ও সাধন মন্ডল, তিনজনই লো-টেনশন ওহারহেড লাইন থেকে সরাসরি হুকিং করে তাঁদের বাড়িতে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করছিলেন বলে বিদ্যুৎ বিভাগের তরফে অভিযোগ। অভিযোগ, প্রত্যেকেই নিজেদের বাড়িতে ওই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ১০০ ওয়াটের বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক পাখা ইত্যাদি চালাচ্ছিলেন। হানা দিয়ে অভিযুক্তদের তিনটি বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটার পাশাপাশি এই কাজে ব্যবহৃত সামগ্রীও বাজেয়াপ্ত করা হয় বলে ঝালদা বিদ্যুৎ বিভাগ সূত্রে খবর। মঙ্গলবার ওই তিনজনের বিরুদ্ধে ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page