নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ৪ জুলাই ২০২২ঃ

আজ, সোমবার বিকেলে পৌরসভার বিভিন্ন বিভাগীয় আধিকারিক ও কর্মীদের সঙ্গে নিয়ে মাইক হাতে পুরুলিয়া শহর অভিযানে বেরলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি। এদিন বিকেলে শহরজুড়ে রাস্তার ধারের নর্দমা অবৈধভাবে দখল করে যাঁরা কারবার করছেন, তাঁদের উদ্দেশ্যে এদিন তিনি নিজে সরাসরি মাইকে অ্যানাউন্সমেন্ট করে কড়া হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে নর্দমার অবৈধ দখল সরিয়ে নিতে বলেন। এদিন নবেন্দু বাবু মাইক হাতে জানিয়েছেন, পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে, থার্মোকল ও প্লাস্টিক মুক্ত করে শহরকে ক্লিন সিটি ও গ্রিন সিটিতে রূপান্তরিত করতে পৌরসভা একগুচ্ছ কর্মসূচি গ্রহন করতে চলেছে। তাই সেসব কর্মসূচি রূপায়নে এদিন শহরবাসীর উদ্দেশ্যে তিনি পৌর আইনকে মান্যতা দেওয়ার বিষয়ে আহ্বান জানান। একইসঙ্গে এদিনের অভিযানে শহরের যেখানে যেখানে তিনি রাস্তা বা রাস্তার ধারের নর্দমা অবৈধভাবে ঢালাই করে বা অন্য কোন উপায়ে দখল করে কারবার করতে দেখেছেন সেখানেই দাঁড়িয়ে মাইক নিয়েই তাঁদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাউকে কাউকে অবৈধ দখল মুক্ত করতে সময়ও এদিন বেঁধে দেন পৌরপ্রধান। কোথাও কোথাও নর্দমার উপর অবৈধ দখলদার ব্যবসায়ীকে দেখিয়ে পৌরসভার সংশ্লিষ্ট দফতরের আধিকারিককে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ১৫ দিনের সময় দিয়ে নোটিশও জারি করতে নির্দেশ দেন নবেন্দু বাবু। এদিকে পৌর কর্তৃপক্ষের এই পদক্ষেপে বেজায় খুশি শহরের “আম আদমি”। কেউ কেউ বলতে শুরু করেছেন, “নায়ক ছায়া ছবির বাস্তব নায়ক নবেন্দু মাহালি”।

শেয়ার করুন

You cannot copy content of this page