নিজস্ব সংবাদদাতা, কোলকাতা ও বলরামপুর, শুক্রবার, ২২ জুলাই ২০২২ঃ
গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বলরামপুরের তিনজন তৃণমূল কর্মী। জানা গিয়েছে, সমাবেশ শেষে ফেরার সময় বলরামপুরের বেলা অঞ্চলের তৃণমূলের কর্মীরা হাওড়া স্টেশন আসেন ট্রেন ধরতে। সেসময় ভিড়ের ঠেলায় পড়ে যান বেলা অঞ্চলের দলীয় কর্মী ভগীরথ মাহাত। তাঁর মুখে চোট লাগে, ঠোঁট কেটে যায় এবং সামনের দুটো দাঁত ভেঙে যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁকে তুলে নিয়ে গিয়ে হাওড়া হাসপাতালে ভর্তি করেন। তারপর সঙ্গে থাকা বাকিরা বাস ধরার জন্য ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। এবারও বিপদ ছাড়েনা। ধর্মতলা যাওয়ার পথে আরেক দলীয় কর্মী, গণেশ মুর্মু মাথা ঘুরে পড়ে যান। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় বলে খবর। এছাড়াও মানিক সিং সর্দার নামে বলরামপুরের আরেক তৃণমূল কর্মীও কোলকাতার রাস্তায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য মানিক বাবুকে ছেড়ে দেওয়া হয়। তবে ভগীরথ মাহাত এবং গণেশ মুর্মু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, আজ, শুক্রবার তাঁরা দুজন হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তাঁদের সঙ্গে রয়েছেন বেলা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দুজনকে সঙ্গে নিয়েই ফিরবেন তাঁরাও। গতকাল, বৃহস্পতিবার ভগীরথ মাহাত ও গণেশ মুর্মুর সঙ্গে হাওড়া ও কোলকাতার হাসপাতালে দেখা করে খোঁজ খবর নিতে যান পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম।দলের জেলা নেতৃত্বও বৃহস্পতিবার ওই দুজনের খোঁজখবর নিয়েছেন বলে জানা গিয়েছে।




