নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২২ জুলাই ২০২২ঃ
আবার শহীদ দিবসের সমাবেশ ফেরত অসুস্থ দলীয় কর্মীকে সাহায্য করলেন সুজয় বন্দ্যোপাধ্যায়। গতকাল সমাবেশ শেষে দলছুট ও পথভ্রষ্ট দলীয় কর্মীদের নিজে দাঁড়িয়ে থেকে পুরুলিয়ার গাড়িতে চাপিয়ে দিয়েছিলেন। আর্থিক সাহায্যও করেছিলেন। আজ, আবার কোলকাতার সমাবেশ ফেরত এক অসুস্থ তৃণমূল কর্মীকে দেখতে সশরীরে গেলেন বর্ধমান। জানা গিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) ধর্মতলার শহীদ সমাবেশ থেকে ফেরার পথে ট্রেনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন হুড়া ব্লকের কলাবনি অঞ্চলের তিলাবনী গ্রামের তৃণমূল কর্মী সুমিতা মাহাত। খবর পেয়েই পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বর্ধমানের শহর তৃনমূল যুব সভাপতি ও বর্ধমান পৌরসভার কাউন্সিলর নূর আলম-এর সঙ্গে যোগাযোগ করে সুমিতা দেবীকে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করেন। এমনকি যাতে চিকিৎসার কোন ত্রুটি না হয় এবং আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হলে যেন তারও ব্যবস্থা করা হয়, সে বিষয়ে নিজে মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষকে জানান। এরপর আজ, সেই দলীয় কর্মীর শারিরীক খবরাখবর নিতে নিজে পৌঁছন বর্ধমান মেডিক্যাল কলেজে। সুস্থতার পর সুমিতা দেবীর ফিরে আসার সমস্ত ব্যবস্থা করেই এদিন বর্ধমান থেকে পুরুলিয়া ফেরেন সুজয় বাবু।


