নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২২ জুলাই ২০২২ঃ

৭৫ তম প্রতিষ্ঠা বর্ষে পুরুলিয়া জে কে কলেজের পরিকাঠামো উন্নয়নে কলেজের সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা এক দিনের বেতন দান করলেন কলেজের উন্নয়ন তহবিলে। আজ পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজে ৭৫ তম প্রতিষ্ঠা দিবস তথা বর্ষের প্রারম্ভিক পর্যায়ের দ্বি-দিবসীয় অনুষ্ঠানের সূচনা হয়। এই বিশেষ বর্ষটিকে উদযাপন করতে সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে কলেজ কর্তৃপক্ষের বলে জানা গিয়েছে। এদিন কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলেজের পরিকাঠামো উন্নয়নে কলেজের সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা তাঁদের একদিনের মাইনে কলেজকে দান করেছেন। ইতিমধ্যে প্রায় আড়াই লক্ষ টাকা জমা হয়েছে। আগামী দিনে কলেজে একাধিক নতুন আধুনিক কোর্স চালু করার পাশাপাশি ৪০০ কম্পিউটার বিশিষ্ট একটি আধুনিক কম্পিউটার ল্যাবও তৈরী করা হবে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। তিনি আরও জানান, ৭৫ বর্ষের অনুষ্ঠানের জন্য তৈরী মঞ্চের সমস্ত সাজসজ্জা এবং ছবি কলেজের শিক্ষক শিক্ষিকারা নিজেরা কঠোর পরিশ্রম করে সম্পন্ন করেছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page