নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ঃ

আবার ওঝার কবলে পড়ল এক অসুস্থ নাবালক। পরে অবশ্য স্থানীয় পুলিশের তৎপরতায় হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। ঘটনা বরাবাজার ব্লকের বানজোড়া-বান্দোয়ানের। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গ্রামের এক নাবালক (নাম প্রকাশ করা হল না) অসুস্থ হলে তার পরিবারের লোকজন স্থানীয় এক গুনিন বা ওঝার কাছে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওঝা বলেন, নাবালকটির উপর ডাইনি ভর করেছে। এরপর ওই ওঝার চিকিৎসা চলতে থাকে। কিন্তু নাবালকের শারিরীক পরিস্থিতির আরো অবনতি ঘটলে তার পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। খবর পায় স্থানীয় থানার পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষে বিশেষ উদ্যোগ নিয়ে ওই নাবালককে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নাবালকটি বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। খবর পৌঁছয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাছে। গতকাল বরাবাজার থানার উদ্যোগে ওই গ্রামে গিয়ে একটি সচেতনতামূলক শিবির করে বিজ্ঞান মঞ্চ। বিজ্ঞান মঞ্চের পক্ষে রবীন্দ্রনাথ সরেন, ধনঞ্জয় মুর্মু, কেন্দ্রের বরাবাজার শাখার সম্পাদক হরপ্রসাদ পাত্ররা বিজ্ঞান সম্মত বিভিন্ন আলোচনার মাধ্যমে গ্রামবাসীদের সচেতন করেন। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক তথা চিকিসক নয়ন মুখোপাধ্যায়, ননী গোপাল ষড়ঙ্গী, শৌভিক মুখার্জী, কল্যাণী নন্দী প্রমুখরা।

শেয়ার করুন

You cannot copy content of this page