নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২৩ জুলাই ২০২২ঃ

“বাজারে এলো দুয়ারে নগদ” কিংবা”চোর ধরো জেল ভরো নাটক ছাড়ো”, এই শ্লোগান দিয়েই পুরুলিয়ায় বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। এদিন পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে এই মিছিল করা হয় বলে দলীয় সূত্রে খবর। পুরুলিয়া শহরের মিছিলে এদিন ছিলেন দলের জেলা সম্পাদক প্রদীপ রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, গণতান্ত্রিক মহিলা সমিতির পুরুলিয়া জেলা সভানেত্রী বিলাসীবালা সহিস সহ দলের কর্মী-সমর্থকেরা ।প্রসঙ্গত, আজই সকালে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ই ডি)-এর হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বর্তমান শিল্প মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি থেকে ২১ কোটি টাকা বাজেয়াপ্তও করা হয়। সেই প্রসঙ্গের অবতারণায় এদিনের মিছিল বলে দাবি সিপিআইএম-এর। নামোপাড়ার দলীয় কার্যালয় থেকে এদিন মিছিল করে কর্মী-সমর্থকেরা মেন রোড ধরে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে একটি পনেরো মিনিটের পথসভা করেন। দলের জেলা সম্পাদক প্রদীপ রায় এদিন তাঁর বক্তব্যে মন্ত্রীর গ্রেপ্তারি প্রসঙ্গ তুলে জানান, আমরা বহু আগে থেকেই এই বিষয়ে দাবি করে আসছিলাম। আরো আগে এই গ্রেপ্তারি হওয়া উচিত ছিল বলে মত প্রদীপবাবুর। তিনি বলেন, এটা নমুনা মাত্র। সঠিক তদন্ত হলে তৃণমূলের ভুরি ভুরি নেতা-মন্ত্রীর ঘর থেকে এভাবেই কোটি কোটি টাকা উদ্ধার হবে। এস এস সি-তে এইভাবে চাকরি চুরি হওয়ায় পুরুলিয়া জেলার যোগ্য প্রার্থীরা চূড়ান্তভাবে বঞ্চিত হয়েছেন বলেও এদিন তিনি দাবি করেন। তাঁর আরো দাবি, জেলাতে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে বাইরে থেকে শিক্ষক নিয়োগ করা হয়। যাঁরা অচিরেই বদলি নিয়ে চলে যাওয়ায় জেলার বহু স্কুলে পঠনপাঠন একপ্রকার বন্ধের মুখে। সেই শুভেন্দু বাবু এখন বিজেপিতে। সুতরাং তৃণমূল ও বিজেপি দুটোই সমান চোর বলে এদিন দাবি করেন প্রদীপ বাবু। তিনি জানান, সিপিআইএম শীঘ্রই দুটি দলের বিরুদ্ধেই আন্দোলনে নামছে। রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে দাবি করে এদিন প্রদীপবাবুর হুঁশিয়ারি, পুরুলিয়া জেলাজুড়ে আমরা সংঘবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। এই দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-ছাত্রী, কৃষক-শ্রমিক সহ সমাজের সমস্ত বর্গের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে নামবে সিপিআইএম বলে এদিন জানান দলের জেলা সম্পাদক প্রদীপ রায়।

শেয়ার করুন

You cannot copy content of this page