নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ঃ
আজ, মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতের সি জে এম কোর্টে তিলাবনী পাহাড় বাঁচাও কমিটির ৭ জনের জামিন হল। প্রসঙ্গত, হুড়া ব্লকের অন্তর্গত কলাবনী পঞ্চায়েত এলাকার তিলাবনী, লেদাবনা, পড়শিবনা এবং মাধবপুর গ্ৰামের মাঝে অবস্থিত তিলাবনী পাহাড়। এই পাহাড়টি স্থানীয় মানুষদের ধর্ম-কর্ম, আচার-আচরণ ও জীবন-জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এবং তাদের আরাধ্য। এছাড়াও এই পাহাড়টি ধীরে ধীরে রাজ্যের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতি বছর প্রকৃতি প্রেমী, পাহাড় প্রেমী সংগঠন এখানে ছোট ছোট ছেলে মেয়েদের শৈলারোহণ ও প্রকৃতি পাঠের শিবিরের আয়োজন করে থাকে। প্রত্যন্ত এলাকার এই পাহাড়ে জাতীয় স্তরের ‘বোল্ডার ক্লাইম্বিং উৎসবও অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালে।
সম্প্রতি একটি বেসরকারি মাইনিং ও মিনারেল ব্যবসায়ী সংস্থা সেই পাহাড়টিকে কেটে ধ্বংস করার চক্রান্ত করছে বলে অভিযোগ ছিল। আর তাদের বিরুদ্ধেই এই প্রতিবাদ শুরু হয় এলাকা জুড়ে। পাহাড় সংলগ্ন গ্রামের মানুষরা গড়ে তোলেন “তিলাবনী পাহাড় বাঁচাও কমিটি”। গ্রামে গ্রামে মিছিল, গণস্বাক্ষর সংগ্রহ, প্রশাসনিক অধিকারিকদের দপ্তরে ডেপুটেশন কোনটিও বাদ দেননি কমিটির সদস্য তথা স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে গত ৩ রা জুন অত্যাধুনিক যন্ত্রপাতি ও জেসিবি মেশিন দিয়ে পাহাড় কাটার কাজ শুরু করে দেয় ওই সংস্থা। সেদিন এলাকাবাসীদের প্রতিরোধে পাহাড় কাটার কাজ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয় বেসরকারি ব্যবসায়ী সংস্থা।
এরপরই ৯ জুন ওই ব্যবসায়ী সংস্থার পক্ষ থেকে কমিটির ৮ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে হেনস্থা করা, সংস্থার জিনিসপত্র নষ্ট করা সহ একাধিক অভিযোগে হুড়া থানায় এফ আই করা হয় বলে জানিয়েছেন কমিটির পক্ষের আইনজীবী সোমনাথ পাত্র। তিনি বলেন, কমিটির ওই ৮ জন সদস্য আইন মেনে হুড়া থানায় নিয়মিত হাজিরাও দিয়েছেন। আজ পুরুলিয়া আদালতের সি জে এম কোর্টে প্রতি জনের জন্য এক হাজার টাকার বন্ডে ৭ জনের জামিন হয়। একজন পুরুলিয়ার বাইরে থাকায় এদিন আদালতে উপস্থিত থাকতে পারেন নি। সেপ্টেম্বর মাসের ১২ তারিখ বিচারক এদিন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বলে জানান আইনজীবী সোমনাথ পাত্র।

