নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শনিবার, ২৩ জুলাই ২০২২ঃ
শপথ নিলেন উপ নির্বাচনে ঝালদার ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী কংগ্রেস কাউন্সিলার মিঠুন কান্দু। ঝালদা পুরসভা সূত্রে খবর, পুর প্রধান সুরেশ আগরওয়াল বাইরে থাকায় আজ (শনিবার) পুরোভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান উপপুরপ্রধান সুদীপ কর্মকার। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন ঝালদা পুরসভা জুড়ে মোতায়েন ছিল পুলিশ। শপথের পর মিঠুন কান্দু বলেন, বিপুল ভোটে মানুষ আমাকে জয়ী করেছেন। এই ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর তপন কান্দুর প্রসঙ্গ টেনে এদিন তাঁর আরো বক্তব্য, কাকার অসম্পূর্ন কাজ সম্পূর্ণ করে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো | এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে ঝালদা পুরসভার কোন কাউন্সিলরকে জানানো হয় নি বলে এদিন দাবি মিঠুন কান্দুর। যা হওয়ার কথা ছিলনা বলে তাঁর মত। বিষয়টি তিনি উপপুরপ্রধানকে জানিয়েছেন বলেও দাবি করেন মিঠুন বাবু।



