নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ
মাত্র ৩০ সেকেন্ডেই উল্টো দিক থেকে ৬ বার ইংরেজি বর্ণমালা বলে রেকর্ড গড়ল মাত্র ৫ বছরের আত্রেয়ী। ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এর পর এবার এশিয়া বুক অব রেকর্ডসে নাম নথিভুক্ত করাতে পেরেছে সে। আত্রেয়ী ঘোষের বাবা অনিরুদ্ধ ঘোষ পেশায় পুলিশ কর্মী। আদপে তাঁদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। তবে দীর্ঘদিন ধরে পুরুলিয়া জেলা পুলিশে কর্মরত ছিলেন অনিরুদ্ধ বাবু। অতি সম্প্রতি বদলি হলেন। তিনি জানান, চার বছর বয়স থেকেই ইংরেজি বর্ণমালা শেখা শুরু আত্রেয়ীর। চলতি মাসের মার্চ মাসে সে ২৩ সেকেন্ডে উল্টোদিক থেকে ইংরেজি বর্ণমালা বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম ওঠে আত্রেয়ীর। সেভাবে কোন প্রস্তুতি ছাড়াই সে এই রেকর্ড বুকে নাম তোলে বলে জানান অনিরুদ্ধ বাবু। নাম ওঠার পর অবশ্য এশিয়া বুক অব রেকর্ডস-এ নাম তোলার প্রস্তুতি শুরু হয়। মে মাসের ১৪ তারিখ অংশগ্রহন করে আত্রেয়ী। সংস্থার পাঠানো লিঙ্কে ক্লিক করে ভিডিও আপলোড করা হয়। ১৭ তারিখ চূড়ান্ত অনুমোদন মেলে তার। এরপরই মাত্র ৩০ সেকেন্ডে ৬ বার উল্টোদিক থেকে ইংরেজি বর্ণমালা বলে রেকর্ড করে আত্রেয়ী। অর্থাৎ একবার বলতে গড়ে তার সময় লাগে ৪ থেকে ৫ সেকেন্ড। তার মা সমাপ্তি ঘোষ বলেন, আত্রেয়ী নিজেই একদিন তাঁকে বলে “জেড” থেকে “এ” পর্যন্ত সে বলতে পারবে। এরপরই নাকি শুরু। ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম তোলার পর থেকেই তাঁর ও অনিরুদ্ধ বাবুরও উৎসাহ বাড়ে বলে জানান সমাপ্তি দেবী।
শেয়ার করুন