নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ

সম্প্রতি ইরান সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে সে দেশের দুই চলচ্চিত্র পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার নিন্দায় ও গ্রেপ্তারির বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদ গড়ে তুলতে শনিবার পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের সভাগৃহে ইরানের দুই চলচ্চিত্র পরিচালকের দুটি সিনেমার প্রদর্শন করল “পল্লী থিয়েটার”। পল্লী থিয়েটার-এর পক্ষে সৌমাল্য চ্যাটার্জি একথা জানিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, “বৃহত্তর প্রতিবাদ” গড়ে তোলার যে উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছিল, সে অর্থে সাফল্য আসেনি। হরিপদ সাহিত্য মন্দিরে শনিবার সিনেমা দুটির প্রদর্শনীতে খুব বেশি সংখ্যায় দর্শক আসেন নি বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, জেলার কয়েকজনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই “পল্লী থিয়েটার” ব্যানারটি। এই ব্যানারে মূলতঃ জেলার গ্রামাঞ্চলে অ-ভারতীয় প্রখ্যাত চলচ্চিত্র পরিচালকদের সিনেমার স্ক্রিনিং করা হয়। কিন্তু ইরানের দুই পরিচালকের গ্রেপ্তারির ব্যতিক্রমী ঘটনার প্রতিবাদে শহরের হরিপদ সাহিত্য মন্দিরের সভাগৃহে শনিবার ইরানের দুই চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি ও মহম্মদ রসৌল্ফ-এর দুটি সিনেমা প্রদর্শনের আয়োজন করে পল্লী থিয়েটার বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page