নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ

দক্ষিণ কলকাতার সন্তোষপুরের একটি বেসরকারি সেবা ট্রাস্টের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করলেন পুরুলিয়া শহরের দুলমি নডিহার বাসিন্দা বিমলা পাল। দক্ষিণ কলকাতার সন্তোষপুরের সার্ভে পার্কের ওই ট্রাস্টের কর্ণধার দম্পতি গৌতম দাস ও জয়ত্রী দাসের বিরুদ্ধে রবিবার পুরুলিয়া সদর থানায় বিমলা দেবী নির্যাতন করা সহ প্রায় দু লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, ষোল বছর আগে ওই মহিলার পুত্র দুর্ঘটনায় মারা যান। তার কিছুদিন পরই পুত্র শোকে মারা যান তাঁর স্বামীও। স্বামী ও পুত্রকে অকালে হারিয়ে বাড়িতে থাকতে থাকতে ক্রমশঃ এককিত্বের অবসাদ ঘিরে ধরতে থাকে ওই বিধবা মহিলাকে। এরপর গত ২০২১ সালের নভেম্বর মাসে ওই সেবা ট্রাস্টের একটি বিজ্ঞাপন দেখে সেখানে থাকার সিদ্ধান্ত নেন তিনি। যোগাযোগের পর সারা জীবন থাকার শর্ত সাপেক্ষে ট্রাস্টের কর্ণধার দম্পতি গৌতম দাস ও জয়ত্রী দাসকে চেকের মাধ্যমে ৪ লক্ষ ২৫ হাজার টাকা দেন বলে দাবি বিমলা দেবীর। এরপর ওই সেবা ট্রাস্টে থাকতে শুরু করেন তিনি। তাঁর অভিযোগ, ওখানে থাকতে শুরু করার কিছুদিন পর থেকেই তাঁর প্রতি ওই দম্পতি দুর্ব্যবহার শুরু করে। আরো অভিযোগ, কোন অসুবিধের কথা জানালেই ওই দম্পতি মারধরও করতে থাকে। ফলে অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু সিদ্ধান্তের কথা জানাতেই ওই দম্পতি তাঁকে জোর করে সেখানেই ৬ মাস আটকে রাখে বলে অভিযোগ বিমলা পালের। তাঁর দাবি, এরপর ফিরে আসার সময় ওই দম্পতি তাঁকে চেকের মাধ্যমে কেবলমাত্র ২ লক্ষ ২৩ হাজার ৮৮৬ টাকা ফেরত দেয় এবং বাকি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ বিমলা দেবীর। রবিবার তিনি পুরুলিয়া সদর থানার দ্বারস্থ হয়ে ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page